দেখো আমার আনন্দধন
উথলে পড়ে সুরার মতন
শোক তোমাকে কোথায় রাখি
দেখো আমার ফান-ভান্ড
চাখছে পিঁপড়ে একি কান্ড
শোক তোমাকে কোথায় রাখি
দেখো আমার প্রেমপিরিচি
উপচে পড়ে মিছিমিছি
শোক তোমাকে কোথায় রাখি
পূর্ণ আমি ভালবাসায়
বিক্ষত নই গোলাপ কাঁটায়
শোক তোমাকে কোথায় রাখি
দেখো আমার সেলফি শহর
অষ্টপ্রহর আনন্দঘোর
শোক তোমাকে কোথায় রাখি
দেখো আমার প্রেমপ্লাবনে
প্রাণ ভেসে যায় ক্ষণে ক্ষণে
শোক তোমাকে কোথায় রাখি
দেখো আমার মোহনবাঁশি
বাজছে সুরে দিবানিশি
শোক তোমাকে কোথায় রাখি
শোক তুমি আজ সাত সকালে
কেনই বা দরজায় দাঁড়ালে
শোক তুমি যাও অন্তরালে
Tag: bangla
প্রেম অভাগা
তোমারও চোখের কোলে রাত্রিলেখা
আমারও চোখ ভেসে যায় মন্দাকিনী
তবুও প্রেম অভাগা মেলছে ডানা
এ শহর পুড়ছে প্রহর নিত্যদিনই
তোমারও মেঘলা আকাশ গহীন ছায়া
আমারও বৃষ্টি পড়ে সারা দুপুর
মিথ্যার বসতবাটি আকাশছোঁয়া
বালিশে মুখ গুঁজে কে একলা উপুড়?
আমি তো কালের থেকেও ছুটছি জোরে
তুমি তো পথ ভুলেছ মেঘশহরে
তোমাকে নিঃশ্বাসে আজ পাই কি করে?
কেমনে বাসর সাজাই তাসের ঘরে?
তোমারও অঘ্রাণ মাস অস্থির মন
আমারও জীর্ণ শরীর ঝরছে পাতা
ভালবাসা নয় কি তবে অক্ষয়ধন?
তবে কি প্রেমপিরিতি মিথ্যে কথা?